ডেস্করিপোর্ট সুনামগঞ্জের জামালগঞ্জে সড়কের ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোতে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে তিন ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষের।
সুনামগঞ্জ-জামালগঞ্জ সড়কের শাহপুর মোড়ের বাঁশের সাঁকোটিতে মানুষ ও যান চলাচল করছেন জীবনের ঝুঁকি নিয়ে।
এ সাঁকোয় পারাপারের সময় প্রতিদিনেই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। উপজেলা সদরের এক কিলোমিটারের মধ্যে এমন ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো যেন একটা মরণ ফাঁদে পরিণত হয়েছে। আর এ সড়কে বাঁশের সাঁকো থাকায় ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ফলে উপজেলা সদর থেকে তিন ইউনিয়ন— ফেনারবাঁক, ভীমখালী ও সদর ইউনিয়নে সঙ্গে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল মালেক মিয়া জানান, জামালগঞ্জ সড়কের এ ভাঙা সাঁকোটি খুবই ঝুঁকিপূর্ণ। এ বিষয়ে আমাদের মাসিক মিটিংয়ে আলোচনা হয়েছে। দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।