ডেস্করিপোর্ট ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আজ বুধবার সকালে শৈলকুপার দুধসর ও হরিণাকুন্ডু উপজেলার পারমথুরাপুর এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামের কুদ্দুস শেখের ছেলে বাপ্পি শেখ (২৫) ও যশোরের জামাল হোসেন (৩৫)।
স্থানীয়রা জানান, জামালপুর থেকে ট্রাকে নিজের ট্রাক্টর নিয়ে যশোর যাচ্ছিলেন জামাল হোসেন। বুধবার সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের দুধসর আব্দুস সোবহান নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লরির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে জামাল হোসেনসহ তিনজন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। আর বাকিদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
অপরদিকে, ঝিনাইদহ থেকে আলমসাধু (স্থানীয় যানবাহন) নিয়ে হরিণাকুন্ডু উপজেলার এ জি বি ইটভাটায় ইট আনতে যাচ্ছিলেন বাপ্পি শেখ। ঝিনাইদহ-হরিণাকুন্ডু সড়কের পারমথুরাপুর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হন বাপ্পি। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাসির উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় দুইজন মারা গেছে। দুইজনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।