কক্সবাজারের উখিয়ার আশ্রয় ক্যাম্পে দুর্বৃত্তদের গুলি ও হামলার পৃথক ঘটনায় এক রোহিঙ্গা নারী নিহত। এবং একটি শেডের হেড মাঝি গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুটি ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত নুর কায়েস (২৫) উখিয়ার ক্যাম্প-৮ ব্লক- বি/৫৭’র নজুমদ্দিনের স্ত্রী ও আহমদ হোসেনের মেয়ে। গুলিবিদ্ধ হেড মাঝি আব্দুর রহিম (৩৮) ক্যাম্প-১২ এর করিম উল্লাহর ছেলে। তিনি এইচ-৪ ব্লকের হেড মাঝির দায়িত্বপালন করছিলেন।
নিহত নুর কায়েসের মা হাজেরা খাতুন জানান, সকালে ক্যাম্প-৮ এলাকায় তার মেয়েকে আরফাত হোসেন নামে এক রোহিঙ্গা মাথার বামপাশে পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ নূর কায়েসকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। তাদের পরিবারের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই বলে দাবি হাজেরা খাতুনের।
ক্যাম্প সূত্রে জানা যায়, গুলি করা আরফাত হোসেন টেকনাফের শালবাগান ক্যাম্প এলাকার বাসিন্দা হলেও বর্তমানে ক্যাম্প-৮/ইস্ট, ব্লক-৫৭ এ বোন নুর হাবা ও ভগ্নিপতি মাহমুদুল হকের বাসায় থাকেন। কিন্তু কেন তিনি নুর কায়েসকে গুলি করলো সেটা অজানা। তবে আরাফাতকে অনেকে আরসার সদস্য বলে চিনেন।