উজ্জ্বল রায় নড়াইল জেলা প্রতিনিধি: ‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৩ই অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহযোগিতায় পৌর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ দূর্যোগ প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ার নেতৃত্ব দেন বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নড়াইলের স্টেশন অফিসার শেখ আহাদুজ্জামান। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায় জানান, এ সময় উপস্থিত ছিলেন, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের কর্মকর্তা সহকারি কমিশনার মো: আলাউদ্দিন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর নড়াইলের উপ-সহকারী পরিচালক শামীমুল ইসলাম, নড়াইল সদর উপজেলার পিআইও সৈয়দ আজিম উদ্দিন, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এ সময মহড়াটি এলাকার সব শ্রেণিপেশার মানুষ দাড়িয়ে উপভোগ করেন। এ মহড়ায় স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করে সহযোগিতা করে নড়াইল রেডক্রিসেন্ট ইউনিটের যুব রেডক্রিসেন্ট দল। মহড়া চলাকালে ভূমিকম্প ও অগ্নিকান্ড কবলিত মানুষ উদ্ধার করে কিভাবে নিরাপদ স্থানে নিতে হয় এবং বাড়িতে বা যে স্থানে আগুণ লাগলে কিভাবে আগুণ নিভাতে হয় সে সম্পর্কে ধারনা উপস্থাপন করে মহড়া প্রদর্শন করা হয়।