ডেস্ক রিপোর্ট ।। কক্সবাজারের উখিয়া উপজেলায় ইজিবাইকের ধাক্কায় গুরা মিয়া (৭২) নামে এক রোহিঙ্গা পথচারী নিহত হয়েছেন।
শনিবার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরা মিয়া উপজেলার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৯ ব্লকের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, দুপুরে কুতুপালং উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তা পার হওয়ার সময় গুরা মিয়াকে একটি ইজিবাইক ধাক্কা দেয়।
এতে সড়কের ওপর ছিটকে পড়েন তিনি। এ সময় একই দিক থেকে আসা একটি অটোরিকশা তাকে চাপা দিয়ে চলে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার পর চালক পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।