ডেক্সরিপোর্ট বরিশাল জেলার বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা নাসির ডাকুয়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, পৌর শহরের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা টিপন তালুকদার উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমমপুর গ্রামের ফজলূল হাওলাদারের কাছে সিমেন্ট বিক্রির তিন হাজার টাকা পাওয়ার দাবী করলে ফজলু তা অস্বীকার করে। এনিয়ে বিভিন্ন সময় ফজলুকে টিপন গালাগাল ও হুমকি দিয়ে আসছিলো।বিষয়টি জানতে পেরে নরোত্তমপুর গ্রামের আওয়ামী লীগ নেতা নাসির ডাকুয়া ১৫ শ’ টাকা ফজলুকে পরিশোধ করতে বলে দু’জনের মধ্যে সমঝোতা করে দেন। ফজলূ ধার্যকৃত ওই ১৫শ’ টাকা তাৎক্ষনিক টিপনকে পরিশোধ করে দিলেও কয়েকদিনের মাথায় সে আরও ১৫শ’ টাকা দাবী করে ফজলুকে হুমকি দিতে থাকে।
রোববার সকাল ৭টার দিকে শালিসদার নাসির ডাকুয়াকে পৌর শহরের রায়ের হাট বাজারে পেয়ে টিপন তার কাছে ওই ১৫শ’ টাকা দাবী করে। এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে টিপন ধারালো অস্ত্র দিয়ে নাসির ডাকুয়াকে নৃশংসভাবে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে বরিশাল রেশবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, টিপন তালুকদার ইটালীতে থাকা অবস্থায় তার কোম্পানীর মালিককে হত্যার অভিযোগে দীর্ঘ বছর কারাবাস শেষে দেশে ফিরে এসে একের পর এক সন্ত্রাসী ও অপরাধ মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। মাদকাসক্ত টিপন এর আগে রায়েরহাট বাজারের নরসুন্দর শ্যামল শীলকে ক্ষুর দিয়ে নির্মমভাবে আঘাত করে আহত করে। এছাড়া উপজেলার সদর ইউনিয়নের গাভা গ্রামের বাবুল জাদুকরের কিশোরীকে মেয়েকে ধর্ষণ ও বিদ্যুতের তার চুরির অভিযোগে সে দীর্ঘদিন হাজত বাস করে।
এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডের আরও অভিযোগ রয়েছে। টিপন সবসময় প্রকাশ্যে ধারালো অস্ত্র নিয়ে চলা ফেরা ও প্রাণের নাশের হুমকি দেওয়ায় তার ভয়ে পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আ. খালেক খলিফার ছেলে শামিম ও ফজলুল হাওলাদার সহ বেশ কয়েকজন পালিয়ে বেড়াচ্ছে। হত্যা মামলায় সাজা ভোগকরা আসামী টিপন’র মানুষ কোপানো নেশায় পরিণত হয়েছে।
তাকে আইনের আওতায় এনে সংশোধন করা না হলে তার হাতে যেকোন সময় যে কোন ব্যাক্তি হত্যাকান্ডের শিকার হতে পারে। সম্ভ্রান্ত পরিবারের ছেলে টিপনের এসব সন্ত্রাসী কর্মকান্ডের কারণে তার পরিবার অতিষ্ঠ ও বিব্রত বলে জানা গেছে।