ডেক্সরিপোর্ট দেশের সুপারমার্কেটগুলোসহ সকল দোকান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। রোববার (২২ মার্চ) দোকান মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ২৫ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দোকানগুলো বন্ধ থাকবে। তবে, কাঁচাবাজার, ওষুধের দোকান এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে।
বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব মো. জহিরুল হক ভুইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে আগামী ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপার মার্কেট ও মার্কেট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার, মুদি দোকান, ফার্মেসি এবং নিত্যপণ্যপর দোকান খোলা থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে মালিক, শ্রমিক ও কর্মচারীদের ভাইরাস সংক্রমণ এড়াতে সাতদিন (২৫-৩১ মার্চ) দেশের সব মার্কেট বন্ধ থাকবে।
তবে ওষুধ ও নিত্যপণ্যের দোকান খোলা থাকবে। নিত্যপণ্যের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান থাকবে, কোনো অবস্থাতেই যেন পণ্যের দাম না বাড়ানো হয়।