ডেক্সরিপোর্ট দেশে প্রতিদিনই বাড়ছে মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১৮ জন। এ নিয়ে সর্বমোট করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ৫৪১৬।
রোববার (২৬ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এ সময় তিনি বলেন, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪৭৩ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪১৮ জনের। করোনায় নতুন করে মারা গেছেন আরও ৫ জন। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে ১৪৫ জনে দাঁড়িয়েছে। মৃত ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী। তাদের মধ্যে ৩ জন ৫১-৬০ বছর বয়সী একজন ১০ বছরের নিচে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৯ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ১২১ জন।
ডিসেম্বরে চীনে করোনা ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় ৮ মার্চ। ওইদিন তিনজন করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিল। কিন্তু এরপর থেকে হুট করেই বাড়তে থাকে রোগীর সংখ্যা।
বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলে বাড়ানো হয় সতর্কতা। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য মার্চেই ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার। বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। পঞ্চম দফায় সেই ছুটি বাড়ানো হয়েছে আগামী ৫ মে পর্যন্ত।
শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বেশিরভাগ দেশের পদক্ষেপ অনেকটা এরকমই। তবে এর মাঝেও কিছু কিছু দেশ তাদের দেয়া লকডাউন কিছুটা শিথিল করছে। স্পেন, জার্মানি ও ভারত সেই পথে হেঁটেছে। যুক্তরাষ্ট্র ও ইতালিও তেমনটাই ভাবছে।