ডেক্সরিপোর্ট চারটি শর্ত মেনে আগামী ১০ মে থেকে দোকান ও শপিংমল সীমিত আকারে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। তবে এ সময়ে খুলছে না দেশের অন্যতম শীর্ষ দুই শপিংমল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও যমুনা ফিউচার পার্ক।
করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়ানো এবং দোকান মালিক-কর্মচারি ও ক্রেতাদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
বুধবার যমুনা ফিউচার পার্কের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলছেন, করোনা প্রাদুর্ভাবের চলমান পরিস্থিতি উন্নতি না হলে জনস্বাস্থ্যে কথা বিবেচনায় যমুনা ফিউচার পার্ক খোলা হবে না।
একই ঘোষনা দেয় বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স কতৃপক্ষ। এ বিষয়ে বসুন্ধরা গ্রুপের গণমাধ্যম উপদেষ্টা মোহম্মদ আবু তৈয়ব গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের নির্দেশেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বসুন্ধরা গ্রুপের এমন সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে মার্কেটের ব্যবসায়ীরাও ঈদের সময় মার্কেট না খোলার পক্ষে অভিমত ব্যক্ত করেছেন। তাদের সঙ্গে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। বসুন্ধরা গ্রুপের সব সিদ্ধান্ত মেনেই ব্যবসা পরিচালনা করবেন, এমন শর্তেই চুক্তিবদ্ধ হয়েছেন তারা।’
উল্লেখ্য, গত সোমবার (০৪ মে) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে পাঠানো চিঠি দিয়ে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল আগামী ১০ মে থেকে খোলার কথা জানায়। তবে তা বিকেল ৪টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়।