ডেক্সরিপোর্ট মহামারি করোনাভাইরাসে আক্রান্ত-মৃতের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়লেও আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। এ বিষয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রক্ষিতেই সীমিত পরিসরে দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে কেউ চাইলে না-ও খুলতে পারেন।
বৃহস্পতিবার (০৭ মে) সচিবালয়ে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিষয়ক এক বৈঠক শেষে তিনি একথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দোকান মালিক সমিতির আবেদনের পরিপ্রক্ষিতেই ঈদকে সামনে রেখে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে থেকে সকাল ১০টা থেকে বিকলে ৪টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে ইতোমধ্যে বড় দুটি শপিংমল (বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক) সিদ্ধান্ত নিয়েছে তারা মল খুলবে না। এটা তাদেন নিজস্ব সিদ্ধান্ত। কেউ যদি মনে করে দোকান খোলা ঠিক হবে না, তারা খুলবে না। তবে যারা খুলবে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
মার্কেট খোলার অনুমতি দেয়া হলেও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে। তাহলে ক্রেতা মার্কেটে আসবে কীভাবে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে যিনি যে এলাকার বাসিন্দা তিনি সে এলাকার মার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন। এজন্যই এ উদ্যোগ নেয়া হয়েছে।
দেশে যথেষ্ট খাদ্য মজুদ আছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, শনিবার থেকে টিসিবি ২৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে। আগামী ৪ মাস নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না বলেও জানান বাণিজ্যমন্ত্রী।
এসময় মন্ত্রী আরো জানান, রমজানে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবার ৩৫ টাকার পরিবর্তে ২৫ টাকা কেজি দরে টিসিবি’র পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে জানিয়ে তিনি বলেন, শুধু রমজান নয়, আরো অন্তত ৪ মাস কোনো সংকট হবে না নিত্যপণ্যের।
এদিকে, আমদানি রফতানি স্বাভাবিক রাখতে বেনাপোল, হিলি, দর্শনা ও বিরল সীমান্ত দিয়ে রেল রুটে ভারতের সাথে আমদানি রফতানি কার্যক্রম শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি।
এর আগে, সোমবার (৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দোকান ও শপিংমল আগামী ১০ মে থেকে খোলার কথা চিঠিতে উল্লেখ করা হয়। তবে তা বিকেল ৪টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়।