ডেক্সরিপোর্ট বরিশালে ইজিবাইক চালক জাকির হোসেন গাজী হত্যা মামলার আসামী জামাল মাঝিকে(৩০)কে গ্রেফতার করেছে বিমান বন্দর থানা পুলিশ।
শনিবার (০৯ মে) গভীররাতে বরিশাল নগরীর ২৯ নম্বর ওয়ার্ডস্থ ইছাকাঠী প্রধান সড়কে কর্ণেল নূর হোসেনের বাবুর বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছিল বলে পুলিশ জানিয়েছে।
জানাগেছে,গত ৮ মে সকালে ঘটনার সূত্রপাত হয়।রহমতপুর রামপট্টি স্থান থেকে নথুল্লাবাদ বাস স্ট্যান্ড রুটে অটোতে কে আগে যাত্রী তুলবে তা নিয়ে জাকিরের সাথে কামাল মাঝির তর্ক থেকে হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায় উত্তেজনা শেষে জাকির গাজী তার অটোতে যাত্রী নিয়ে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড অভিমুখে রওনা দিলে কামাল গাজী তার অপর দুই বড় ভাই ফিরোজ মাঝি ও জামাল মাঝিকে ঘটনা অবহিত করে প্রতিশোধ নিতে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নিতে বলে। অটো চালক হিসেবে একই পেশায় নিয়োজিত তিন ভাই একত্রিত হয়ে সেখানে আগত জাকিরকে অটো থেকে নামিয়ে প্রহার শুরু করে। প্রথম আঘাত করে ছোট ভাই কামাল মাঝি। এতে জাকির কিছুটা নিস্তেজ হয়ে পরলেও ফিরোজ ও জামাল উপযুপরি আঘাত করতে থাকে। ঘটনাস্থলেই হামলার কবলে পরা এই অটো চালকের মৃত্যু ঘটে। পরে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত জাকিরের বাড়ি বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামে।
নিহতের ভাই আমির হোসেন গাজী ঘটনার পর দিন অর্থাৎ গত ৯ মে বিমান বন্দর থানায় হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। কামালকে প্রধান ও জামাল দ্বিতীয়, বড় ভাই ফিরোজকে ৩ নম্বর এবং অজ্ঞাতনামা আরও ৪-৫জনকে মামলায় আসামী করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ওই আসামিকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা পুলিশ। তবে মামলার এজাহারভুক্ত কামাল মাঝি ও তার ভাই ফিরোজ মাঝি পলাতক রয়েছে।
গ্রেফতারকৃত আসামি জামাল মাঝি ভোলা জেলার শশিভূষণ থানার করিমপুর গ্রামের মৃত লতিফ মাঝির ছেলে। রোববার (১০ মে) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) এসএম জাহিদ বিন আলম জানান, ‘গত ৮ মে বেলা ১২টার দিকে ইজিবাইকের সিরিয়াল দেয়াকে কেন্দ্র করে জাকির গাজীকে অভিযুক্ত জাকিরসহ তিনভাই মিলে নির্মম ভাবে পিটিয়ে আহত করে।
বাবুগঞ্জের রামপট্টি ও বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ফিশারী রোডের সামনে দুই দফা হামলায় আহত জাকির গাজীকে শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহতের ভাই আমির হোসেন গাজী বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে ঘটনার এক দিনের মাথায় গ্রেফতার করা এজাহারভুক্ত আসামি জামাল মাঝি।