পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় প্রথম এক ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি কলাপাড়া পৌরসভার ১ নম্বর নাচনাপাড়া গ্রামের বাসিন্দা। তাকে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত ওই ব্যক্তি শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গত রবিবার কলাপাড়া হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠায়। একইদিন উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল সদর হাসপাতালে পাঠানো হয়। বুধবার রাতে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজেটিভ আসে।
জানা গেছে, আক্রান্ত ব্যক্তি মাছের ব্যবসা করতেন। কিভাবে তিনি করোনায় আক্রান্ত হলেন সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
রাতেই আক্রান্ত ব্যক্তির বাড়িসহ আশেপাশের ২৫টি বাড়ি লকডাউনসহ ওই এলাকায় প্রবেশের প্রধান সড়ক বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। ফার্মেসী ছাড়া পৌর শহরের সকল দোকানপাট আগামী ১৪ দিনের জন্য বন্ধ ঘোষনা করেছে কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমবায় সমিতি।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জে এইচ খান লেলিন বলেন, হাসপাতালের ডাক্তার, নার্সসহ আক্রান্ত ওই ব্যক্তির সেবায় নিয়োজিত সবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে হাসপাতাল লকডাউন করা হবে কিনা সে বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আক্রান্ত ওই ব্যক্তির বাড়িসহ সন্দেহজনক স্থানগুলো লকডাউন করা হবে।