ডেক্সরিপোর্ট বরিশালে গভীর রাতে মহিষ চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করেছে পুলিশ। এসময় চুরি কার্যে ব্যবহৃত পিকআপও জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, লোকমান হোসেন, নাইম ইসলাম ও সাগর হাওলাদার।
বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানায়, ভোলা-বরিশাল মহাসড়কের তালুকদার মার্কেটের সামনে রাতে এসআই মিলন বিশ্বাসের নেতৃত্বে চেকপোস্ট বসানো হলে সেখানে একটি হলুদ পিকআপকে থামানোর সিগন্যাল দেওয়া হলে সেই পিকআপে দুইটি মহিষ পাওয়া যায়। মহিষ কোন জায়গা থেকে আনা হয়েছে জিজ্ঞাস করা হলে প্রথমে তারা এক এক সময় ভিন্ন কথা বলে। পরে জানায় যে তারা নেহালগঞ্জ থেকে মহিষ দুটি চুরি করে এনেছে।
পরে মহিষের মালিক হাসমত আলী চুরি হওয়া মহিষ সনাক্ত করেন এবং তিনিই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন বলে জানায় পুলিশ। এছাড়া এই ঘটনায় পলাতক আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে নিশ্চিত করা হয়।