প্রিন্স তালুকদার বরিশাল নগরীর ত্রিশ গোডাউনের কীর্তনখোলা নদীতে বন্ধুদের সাথে জন্মদিন পালন অনুষ্ঠানে বন্ধু দ্বীপ ঘোষ (১৭)কে পানিতে ফেলে হত্যার ঘটনায় আসামী মোঃ রিয়াদ হোসেন (১৭) কে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
গত ২৪ নভেম্বর রাত সাড়ে ১১ টায় নগরীর আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ রোডস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই রুম্মান হোসেন জানান, গত ২ নভেম্বর নগরীর ত্রিশ গোডাউনের কীর্তনখোলা নদীতে বন্ধুদের সাথে জন্মদিন পালন করেন মোঃ রিয়াদ হোসেন।
এ সময় তার সাথে থাকা বন্ধু দ্বীপ ঘোষকে কীর্তনখোলা নদীতে ফেলে দেয় রিয়াদ। এরপর গত ৩ নভেম্বর সকালে দ্বীপের লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু হত্যার কোন ক্লু না থাকায় হঠাৎ করেই গত ২৪ নভেম্বর রাতে তদন্ত কর্মকর্তার কাছে হত্যার একটি ভিডিও আসে। সেই ভিডিও‘র সূত্র ধরে রাত ১১ টায় হত্যা মামলা করে দ্বীপ ঘোষের বাবা মিন্টু ঘোষ। এরপর অভিযান চালিয়ে রাত সাড়ে ১১ টায় নগরীর আমানতগঞ্জ ইসলামিয়া কলেজ রোডস্থ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় হত্যা মামলার আসামী রিয়াদকে।
গ্রেফতারকৃত রিয়াদ কাউনিয়া থানার ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো: নুরুল ইসলাম হাওলাদার। আসামী রিয়াদ শিশু হওয়ায় আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করার পরে তাকে শিশু আদালতের মাধ্যমে যশোর কিশোর শোধনাগারে পাঠানো হয়েছে বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা কোতয়ালী মডেল থানার এসআই রুম্মান হোসেন।