ডেস্করিপোর্ট বাংলাবাজার-শিমুলিয়া রুটে পণ্যবাহী ফেরি চলাচলের নিষেধাজ্ঞার কারণে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়াঘাটে পণ্যবাহী গাড়ির সংখ্যা বেড়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে ঘাট এলাকায় যাত্রীবাহী বাসের সারি তেমন দেখা যায়নি। তবে ঘাট এলাকায় ফেরি পারের অপেক্ষায় ৮০০ পণ্যবাহী ট্রাক দেখা গেছে।
বৃহস্পতিবার সকালে সরেজমিন ঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত চার কিলোমিটার এলাকায় প্রায় ৪০০ পণ্যবাহী ট্রাক ফেরি পারের জন্য অপেক্ষা করছে।এসব ট্রাক বুধবার রাতে দৌলতদিয়াঘাটে এসে পৌঁছলেও এখনও ফেরি পার হতে পারেনি।
দীর্ঘ সময় ধরে ঘাটে আটকে থেকে চালক ও চালকের সহকারীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।
অন্যদিকে ঘাট এলাকায় যানজট কমাতে দৌলতদিয়াঘাট থেকে ১৩.৫ কি.মি দূরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আহলাদিপুর জুট মিল পর্যন্ত চার কিলোমিটার এলাকায় প্রায় ৪০০ পণ্যবাহী ট্রাক ও কার্ভাডভ্যানকে আটকে রাখা হয়েছে, যা অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে মহাসড়কে আটকে থাকতে হচ্ছে চালক ও শ্রমিকদের। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। টয়লেট, পানি ও খাবারের কোনো ব্যবস্থা না থাকায় তাদের ভোগান্তি চরমে।
বেনাপোল থেকে ঢাকার কারওয়ানবাজার যাচ্ছিলেন কাভার্ডভ্যানচালক মিল্টন মোল্লা; রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় আলাপকালে তিনি বলেন, গতকাল সন্ধ্যায় বেনাপোল থেকে ঢাকার উদ্দেশে রওনা করে রাতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় আহলাদীপুরে আটকা পড়ি। এ সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশ গোয়ালন্দ মোড়ে আটকে দেয়। এখনও এখানে আটকে আছি, কখন যে ফেরির নাগাল পাব তা জানি না।
খুলনা বাগেরহাট থেকে আসা ঢাকাগামী ট্রাকচালক সোহাগ মিয়া বলেন, এখানে মনে হচ্ছে— শুধু যাত্রীবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি পার করা হচ্ছে। আমরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থেকে নানা দুর্ভোগের শিকার হচ্ছি। শুনলাম শিমুলিয়ায় ঠিকমতো ফেরি চলছে না। তা হলে ওখান থেকে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্রুত কয়েকটি ফেরি নিয়ে এলেই তো এখানকার সমস্যা কমে যায়।
রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় কর্তব্যরত রাজবাড়ী ট্রাফিক পুলিশের টিএসআই বিনয় কুমার বলেন, লকডাউন শিথিল হওয়া এবং দুই রুটের গাড়ি এক রুটে আসায় বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দৌলতদিয়াঘাটের ওপর চাপ কমাতে আমরা অপচনশীল পণ্যবাহী যানবাহনগুলোকে সারিবদ্ধভাবে গোয়ালন্দ মোড়ে সড়কে আটকে রাখছি এবং অগ্রাধিকার ভিত্তিতে এগুলোকে ফেরি পারের জন্য ছেড়ে দিচ্ছি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসির) দৌলতদিয়াঘাট শাখার ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে। একটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ রেখে মেরামতকাজ করা হচ্ছে।
আশা করছি দ্রুত কাজ শেষে ফেরিটি চালু করা সম্ভব হবে। এ ছাড়া মাওয়া থেকে আরও তিনটি বড় ফেরি আজই এই রুটে যোগ হবে; তবে বর্তমান এ নৌরুটে ১৩টি ফেরি চলাচল করছে বলে জানান ওই কর্মকর্তা।