ডেক্স রিপোর্ট: ভোলায় হাসপাতালের বাথরুম থেকে শুক্রবার বিকেলে একটি নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর শিশুটিকে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তৈয়বুর রহমান প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।শিশুটি সুস্থ রয়েছে তবে শিশুটির তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা জানান, বিকেলে হাসপাতালের পরিচ্ছন্নকর্মীরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছিল। এ সময় তারা রাথরুম পরিষ্কার করতে গিয়ে একটি নবজাতক ছেলে শিশুকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের সবাইকে জিজ্ঞাসা করলেও শিশুটির পরিচয় পাওয়া যায়নি।
ভোলার সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. রথীন্দ্রনাথ মজুমদার এ তথ্য নিশ্চিত করে বলেন, জন্মের পর নবজাতক শিশুটিকে বাহিরের কোনো লোক বাথরুমে রেখে গেছেন। কারণ আমাদের হাসাপাতালে এমন কোনো রোগী ছিল না।তিনি আরও জানান, শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এখন শিশুটি হাসপাতালে নিরাপদে রয়েছে। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। বিষয়টি আমরা থানায় জানিয়েছি।