ডেস্ক রিপোর্ট ।। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই আওয়ামী লীগ সব বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে চায়। বাংলাদেশের স্বাধীনতার মূল আদর্শে আওয়ামী লীগ আঘাত করেছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাঁতী দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের দলীয় ফোরামে বিএনপির রাজনীতি নিষিদ্ধে দাবি উঠেছে এবং সেটি কীভাবে করা যায়, আইনগত প্রক্রিয়ার কথাও তারা বলছেন। তারা বলছেন, বিএনপি সন্ত্রাসের রাজনীতি করে- গণমাধ্যমকর্মীরা দৃষ্টি আকর্ষণ করলে মঈন খান বলেন, ‘বাংলাদেশের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই তারা এ দেশ থেকে বিরোধী দলকে নিষিদ্ধ করে দিতে চায়। আইন বলতে যেটা বোঝায়; তাদের মুখ থেকে যে কথা বের হয়, সেটাই তাদের আইন।’
তিনি বলেন, ‘আমাদের সংবিধানে যে অধিকার বাংলাদেশের মানুষকে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ভোটের অধিকার। মানুষের কথা বলার অধিকার। সাংবিধানিক অধিকারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল গঠিত হয়েছে, আমরা কথা বলছি। আজকে সরকার যদি বিএনপি তথা বিরোধী দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে এ দেশে কাগজে-কলমে লিখিত বাকশাল নতুন করে তারা কায়েম করে- যে রকম তারা একবার করেছিল সংসদের ভেতরে ১১ মিনিটের ব্যবধানে। যদি তারা বাকশাল নতুন করে কায়েম করে তাহলে আজকে পুনরায় প্রমাণিত হবে যে, এই আওয়ামী লীগ সরকার; যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, সেটা তাদের ভুয়া দাবি। তারা কোনো দিন গণতন্ত্রে বিশ্বাস করে নাই।’