ডেস্ক রিপোর্ট ।। দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে জাতীয় গ্রিডে নতুন করে গ্যাস যুক্ত হতে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপের লোকেশন-সি থেকে প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তিতাসের ২৮ নম্বর কূপ লোকেশন-সি-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় জ্বালানি সচিব খাইরুজ্জামান মজুমদারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, কূপটি উৎপাদনে যাওয়ার পর প্রতিদিন সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এতে চলমান গ্যাস সংকট কিছুটা কমবে বলে আশা করছে সংস্থাটি।
বিজিএফসিএল জানায়, গত বছরের ১৫ ডিসেম্বর কূপটির খননকাজ শুরু হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান সানকুইন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (সিসিডিসি) খননকাজটি বাস্তবায়ন করছে।
এর আগে গত বছরের ১০ এপ্রিল সম্পাদিত চুক্তির আওতায় রিগ ফাউন্ডেশন নির্মাণ, খননযন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল মোবিলাইজেশন সম্পন্ন করা হয়। পরে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের লোকেশন-সি এলাকায় তিতাস-২৮ কূপের খননকাজ শুরু করা হয়।