ডেস্ক রিপোর্ট ।। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নগরীর টাউন হল চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে এ মিছিল বের করা হয়।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
সভাপতির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, জনগণের প্রত্যাশা ও গণদাবি পূরণে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সারের সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধের বিষয়ে জনগণের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। এসব গণদাবি পূরণে ব্যর্থ হওয়ায় বিএনপি সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার দফায় দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে সাধারণ মানুষের ওপর ব্যয়ের বোঝা চাপিয়ে দিচ্ছে। এমনিতেই দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সংসারের ব্যয় মেটাতে মানুষকে হিমশিম খেতে হচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে সংকট সৃষ্টি করবে এবং মানুষের দুর্ভোগ আরও বহুগুণ বাড়িয়ে দেবে।
জহির উদ্দিন মুহাম্মদ বাবর আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব শুধু মোটরযান ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি পরিবহন ও উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান উপাদান হওয়ায় এর দাম বাড়লে কৃষি উৎপাদন, পণ্য পরিবহন, কলকারখানার উৎপাদন ব্যয় এবং ব্যবসা-বাণিজ্যের খরচ বাড়বে। এর ধারাবাহিকতায় বাজারে নিত্যপ্রয়োজনীয়সহ বিভিন্ন পণ্যের দাম আরও বাড়তে পারে। শেষ পর্যন্ত এর বোঝা সাধারণ জনগণকেই বহন করতে হবে।
মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, কর্মপরিষদ সদস্য শামীম কবির, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, কাউনিয়া থানা আমির মাওলানা মোস্তাফিজুর রহমানসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল টাউন হল চত্বর থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার ও গির্জা মহল্লাসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়।