পিরোজপুর প্রতিনিধি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায় করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে সবুজ হাওলাদার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলার ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ পূর্ব ধাওয়া গ্রামের বাড়িতে জ্বর সর্দি কাশি ও গলা ব্যথায় অসুস্থ হয়ে মারা যায় বলে জানান ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
মৃত সবুজ হাওলাদার (১৭) ভান্ডারিয়া উপজেলার দক্ষিণ পূর্ব ধাওয়া গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে এবং এ বছর দক্ষিণ ধাওয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
এ দিকে করোনা ভাইরাসের লক্ষণ নিয়ে শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ওই বাড়ীসহ পাশ্ববর্তী বাড়ী গুলোকে লকডাউন করে দক্ষিণ পূর্ব ধাওয়া গ্রামকে কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে বলে জানান ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম জহিরুল ইসলাম জানান, ছেলেটি ৪দিন ধরে জ্বর সর্দি কাশি ও গলা ব্যথায় ভুগছিলেন। সকালে মোবাইল ফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সাথে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করলে চিকিৎসকগণ তাকে হাসাপাতালে নিয়ে আসতে বলে। কিন্তু পরিবারের লোকজন ছেলেটিকে হাসপাতালে না নিয়ে এমে বাড়ীতে রেখেই চিকিৎসা করা হয়।
এইচ এম জহিরুল ইসলাম আরও জানান, মৃত ব্যক্তির করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল কী না তার নমূনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে।’