অনলাইন ডেস্ক জুমের আধিপত্য কাড়তে এবং নিজেদের আধিপত্য বিস্তারে ভিডিও কল সেবা ‘মিট’কে সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। ‘মিট’ সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখানে একসাথে ১০০ জনের সঙ্গে কথা বলা যাবে।
গুগল জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সবার জন্য তাদের এই সেবা উন্মুক্ত করা হবে। মিট (Meet) ব্যবহার করতে হলে আগে গুগলকে টাকা দিতে হতো। এ জন্য জি সুইটের পেইড অ্যাকাউন্ট থাকতে হতো। কিন্তু এখন থেকে সবাই বিনামূল্যে ব্যবহার করতে পারবে অ্যাপটি।
সেপ্টেম্বরের পর থেকে ফ্রি অ্যাকাউন্টগুলো ৬০ মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন। ততদিন যতক্ষণ খুশি চ্যাট করা যাবে। গুগলের প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে মোবাইল ব্যবহারকারীরা মিট অ্যাপটি বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন।
বিনামূল্যের সংস্করণ ব্যবহার করতে জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া ভিডিও কল সর্বোচ্চ এক ঘন্টার ব্যাপ্তি হবে। ফলে কেউ যদি পুনরায় ভিডিও কনফারেন্সিং করতে চায় তাহলে আবারও শুরু করতে হবে। এছাড়া এই কনফারেন্সে সর্বোচ্চ ১০০ জন যুক্ত হতে পারবেন। থাকছে স্ক্রিণ শেয়ারিং এবং রিয়েল টাইম ক্যাপশন।
গুগলই একমাত্র টেক জায়ান্ট নয় যারা জুমের সাথে প্রতিযোগিতায় যুক্ত হয়েছে। গত সপ্তাহে ফেসবুক মেসেঞ্জার রুম নামে নতুন সেবার ঘোষণা দিয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা একাধিক মানুষের সাথে ভিডিও চ্যাট করতে পারবে। এমনকি ফেসবুক ব্যবহারকারী নয় এমন ব্যক্তিরাও এই মেসেঞ্জার রুমে যুক্ত হতে পারে। মাইক্রোসফটও তাদের নিজস্ব ভিডিও-চ্যাপ অ্যাপ টিমস নিয়ে জোরোসোরে বাজারে রয়েছে।