অনলাইন ডেস্ক স্পেনে মৃত্যুর মিছিলে যোগ হলেন রিয়াল মাদ্রিদের আরো এক সাবেক কর্মকর্তা। অ্যামাডোর সুয়ারেজ ভিয়া নামের সাবেক এই সহ-সভাপতি ৪০দিন হাসপাতালে থেকে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত লড়াইয়ে হেরে গেলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
এর আগে, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন লরেঞ্জো স্যাঞ্জ। তারও মৃত্যু হয়েছিল ৭৬ বছর বয়সে। এছাড়া আরও এক সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো মার্টিন আলভারেজ খুব সিরিয়াস অবস্থায় চলে গিয়েছিলেন। আইসিইউতে গিয়ে বলতে গেলে মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছিলেন তিনি।
১৯৪৪ সালের ১২ ফ্রেব্রুয়ারি স্পেনের হুয়েলভায় জন্মগ্রহণ করেন অ্যামাডোর। এরপরে চলে যান সান সেবাস্তিয়ানে। থাকতেন সেখানেই। ১৯৬৪ সালে রিয়াল মাদ্রিদের সদস্যপদ পান তিনি।
রিয়ালের সাবেক সহসভাপতির দায়িত্ব পালন করা অ্যামাডোর ছিলেন একজন সফল উদ্যোক্তা। ২০০৩ সালে এর জন্য বিজনেস ফেডারেশন কর্তৃক পুরস্কারও লাভ করেন। এছাড়াও মাছের ব্যবসা ছিল তাঁর। পুরো বিশ্বেই মাছ রপ্তানি করতেন তিনি। আর এই কাজে তাঁর ২৭টি ভেসেল ভাসতো সাগরে। ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৩ বছর এই দায়িত্ব সামলিয়েছেন অ্যামাডোর।
স্পেনে এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৫৩ হাজার ৬৮২ জন। মারা গেছেন ২৫ হাজার ৮৫৭ জন। (সূত্র: মার্কা)