অনলাইন ডেস্ক টানা বৃষ্টিপাতের কারণে কেনিয়ায় বন্যায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এ তথ্য জানিয়েছে।
বন্যায় দেশটির আট হাজার একর জমির ফসল ভেসে গেছে এবং প্লাবিত হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনা। ‘সম্ভাব্য বিপদ’ এড়াতে ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কেনিয়ার কর্তৃপক্ষগুলো।
ভারি বৃষ্টিপাতের কারণে কেনিয়ার প্রতিবেশী উগান্ডায়ও ক্ষয়ক্ষতি হয়েছে। নজিরবিহীন মাত্রায় বৃদ্ধি পেয়েছে ভিক্টোরিয়া হ্রদের পানি। আগামী কয়েক সপ্তাহ ধরে এই বৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।
পূর্ব আফ্রিকার দেশগুলো পঙ্গপাল ও কোভিড-১৯ এর প্রাদুর্ভাবেরও শিকার হয়েছে।
প্রবল বৃষ্টিপাতে প্রতিবেশী উগান্ডার লেক ভিক্টোরিয়াতে পানি বিপদসীমা অতিক্রম করেছে। আগামী কয়েক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চলে নদীর পানি তীরবর্তী এলাকাগুলো প্লাবিত করেছে। স্থানীয়রা কাছিসি শহরে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি মনিটর।
গত বছরের শেষ দিকে প্রবল বৃষ্টিপাতে কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে পূর্ব আফ্রিকাজুড়ে অন্তত ২৫০ জনের মৃত্যু হয়েছিল এবং প্রায় ৩০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল।