ডেক্সরিপোর্ট মহামারি করোনাভাইরাসে আক্রান্ত-মৃতের সংখ্যা প্রতিদিনই উদ্বেগজনক হারে বাড়লেও আগামী ১০ মে থেকে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল খুলে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে সরকার। তবে করোনা সংক্রমণ রোধে ঈদের আগে রাজধানীর নিউ মার্কেট, চাঁদনীচক, গাউসিয়া ও নূরম্যানশন না খোলার সিদ্ধান্ত নিয়েছে দোকান মালিক সমিতি। তারা জানিয়েছেন, নিউমার্কেট এলাকার কোনো মার্কেটই এবার ঈদে খোলা হবে না।
বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির আহমেদ ভূঁইয়া শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্তমান পরিস্থিতিতে দোকানদার ও ক্রেতা উভয়ের স্বাস্থ্যের দিকটি বিবেচনা করে মার্কেট না খোলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এদিকে নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম বলেন, মার্কেট খুললে তাদের নিজেদের স্বাস্থ্যগত যেমন ঝুঁকি রয়েছে তেমনি সরকার মার্কেট খুলতে যেসব শর্ত দিয়েছে সেসব নির্দেশনা মেনে খোলা সম্ভব নয়। তাই মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিক সমিতি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তারা ঈদের আগে মার্কেট খুলবেন না।
এদিকে, করোনাভাইরাসের মধ্যেও কেনাকাটা করতে আগ্রহী ক্রেতাদের নিজ এলাকার ২ কিলোমিটারের মধ্যের শপিংমলে কেনাকাটার নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির আদেশে বলা হয়, ক্রেতারা তাদের নিজ নিজ এলাকার ২ কিলোমিটারের মধ্যে অবস্থিত শপিংমলে ঘোষিত সময়ের মধ্যে কেনাকাটা করতে পারবেন। এক এলাকার ক্রেতা অন্য এলাকায় অবস্থিত শপিংমলে কেনাকাটা বা গমনাগমন করতে পারবেন না।