ডেক্সরিপোর্ট পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শর্তসাপেক্ষে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার ইসলামিক ফাউন্ডেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বায়তুল মোকাররমে সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন ও হাফেজ কারী কাজী মাসুদুর রহমান।
ঈদের দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির হিসেবে থাকবেন হাফেজ কারী হাবিবুর রহমান মেশকাত, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম মসজিদ।
তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা এহসানুল হক, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। মুকাব্বির হিসেবে আছেন মাওলানা ইসহাক, মুয়াজ্জিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মাওলানা মহিউদ্দিন কাসেম, পেশ ইমাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ। আর মুকাব্বির হিসেবে থাকবেন মো শহীদুল্লাহ, চীফ খাদেম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ, মুফতি, ইসলামিক ফাউন্ডেশন।
এর আগে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে কিছু শর্তারোপ করে একটি নির্দেশনা জারি করা হয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে। সেগুলো হল- মাস্ক পরিধান করে জামাতে অংশ নেওয়া, জায়নামাজ বাড়ি থেকে সঙ্গে করে নিয়ে যাওয়া, কোলাকুলি ও হ্যান্ডশেক না করা, যত দ্রুত সম্ভব নামাজ শেষে বাড়ি ফিরে যাওয়া।