বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং, সন্ধ্যা ৬:০৪
শিরোনাম :
বিএম কলেজে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত বরিশালে ল্যাবএইডের উদ্যোগে বিশ্ব হার্ট দিবস পালিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২৪ নং ওয়ার্ড বিএনপি নেতা এনায়েত হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল কৃতকার্য শিক্ষার্থীদের ফেল করানো শিক্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উন্নয়নে পরিবর্তনের প্রত্যয়,জাগুয়া ইউনিয়নবাসীর আস্থার প্রতীক কামরুজ্জামান সালেহ! সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার জাসদ কার্যালয় থেকে আটক হওয়া ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী কেদারপুরের ইউপি চেয়ারম্যান ও ফ্যাসিস্ট আ’লীগ নেতা নুর আলম বেপারী গ্রেপ্তার

তাজা মুখে বাসী ইলিশ

টরোন্টো (কানাডা) থেকে শওকত মিল্টন  ইলিশ নিয়ে আমার অনেক পাগলামো আছে। আর এর বেশীরভাগটাই আমি পেয়েছি ইলিশ নিয়ে কাজ করতে গিয়ে।

ইলিশ, ইলিশ জেলে, মহাজন নিয়ে যতো কথা বলেছি, তার খুব কম অংশই বই পড়ে জেনেছি, সরাসরি মাঠ থেকেই আমার তথ্য পাওয়া। বহুবার ইলিশ জেলেদের সাথে থাকার, রাত কাটানোর অভিজ্ঞতা আমার আছে। তাদের সাথে কাজ করতে গিয়ে এমনও হয়েছে, বৃষ্টিতে ভেজা কাপড় চোপর আবার শরীরের তাপেই শুকিয়েছে।

সেবার ইলিশ জেলেদের নিয়ে কাজ করতে মেঘনায় গিয়েছি। থাকা খাওয়া ঘুম জেলেদের নৌকা আর ডেরায়। কালো তেল চিটচিটে বালিশে মাথা দিয়েও শুতে সমস্যা হয় না। হোগলা পাতার পাটিতে বহু ব্যবহৃত যে কাঁথা আমাদের খাতির করে বিছিয়ে দিয়েছিল, তা থেকে অনেক পুরুষের ইলিশের বাসী গন্ধ মৌ মৌ করে। অথচ আমার গন্ধ উৎকট লাগেনি। দারুন ঘুম হয়েছে। এই বিছানা আর বালিশের আয়োজন জেলেদের সেই ভাসমান গ্রামে, রীতিমতো রাজকীয়। এমনই একটা সময়ে আমরা মানে আমি আর বিশ্বজিত, ঘুম থেকে উঠেছি।

সকাল সাতটা সাড়ে সাতটা বাজে তবে মেঘনায় এই সকালকেও দুপুর মনে হয়। কারন সেখানে সকালেরও আগে ভোরে দিন শুরু হয়। তো ঘুম থেকে ওঠার পরপরই আমাদেরকে এক টিনের সোর নৌকার মাঝি বললো, নেবাই মুখ ধুইয়েন না, আগে খাইয়া যান। আমি বলি, মেবাই, মুখ না ধুইয়া খায় ক্যামনে। প্রতি উত্তর পাই, আগে এদিকে আহেন। দেখি সুপারী গাছের পাটাতনে রক্তারক্তি। ইলিশ কাটা হচ্ছে বটিতে। তোলা উনুনে ইলিশ ভাজার আয়োজন চলছে।

জানলাম রাতের খেওতে ভাল মাছ ধরা পড়ছে। শুধু অল্প তেলে লবন দিয়ে ইলিশ ভাজা হলো, সাথে সামান্য একটু কাটা পেঁয়াজ আর কাচা মরিচ সাঁতলানো হলো। জানলাম ওই পেঁয়াজ আর মরিচটুকু অতিথির জন্য। হোগলা বনের পাশে ওই সুপারীর পাটাতনেই আমরা খেতে বসলাম এলুমিনিয়ামের থালায়। এক খাবলা মোটা চালের ভাত ভাজা ইলিশের টুকরা আর সেই সাঁতলানো পেঁয়াজ মরিচ। আমি মাঝির কথায় বাসী মুখে ভাজা ইলিশ আর ধোঁয়া ওঠা গরম ভাতে মনোযোগী হই।

এরই মধ্যে আষাঢ়ের বর্ষন শুরু হয়। মেঘনা ঝাপসা হয়ে ওঠে। বৃষ্টির ছাঁট এসে আমাদের গায়ে লাগে। ইতস্তত না করে বাসী মুখে গরম ভাত আর ইলিশ পড়ে। তখনও আমার থালার সামনে তাজা ইলিশের রক্ত বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে। কয়েক প্রজন্মের ইলিশের গন্ধ লেগে থাকা সুপারীর পাটাতনে আসন গেড়ে আমরা খেতে থাকি।

আমার মুখের মধ্যে এক অমৃত স্বাদ অনূভব করি। খুব সামান্য ভাজা ইলিশের ভেতরটা আগুনে সেদ্ধ হওয়া। কোন মশলার কেরামতি নেই। শুধু সাঁতলানো পেঁয়াজের মিষ্টি ভাব। আমি সেই বৃষ্টিস্নাত মেঘনার সকালে জেলেদের মতো তিন টুকরো ইলিশ দিয়ে দুই থালা ভাত সাবার করেছি। তাজা ইলিশ, বাসী মুখে কেমন যেন একটা আলাদা মাত্রা এনে দেয়।

হাজার হাজার মাইল দূরে থেকেও সেই বাসী মুখের ভাজা ইলিশ খাওয়ার কথা মনে পড়ে। আমি কাঁসার থালায় ইরাবতি ইলিশে মেঘনার গন্ধ খুঁজতে খুঁজতে সুপারীর পাটাতনে বসে যাই। আমি তাজা, ব্রাশ করা মুখে বাসী ইলিশ খাই, কয়েক প্রজন্মের বাসী ইলিশ। আর দূরে বৃষ্টির মতো ঝাপসা হয়ে ওঠা এক অলৌকিক জলযান বরিশালের দিকে মিলিয়ে যায়।