ডেস্ক রিপোর্ট স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে বরিশালের আকাশে উড়বে বাংলাদেশ বিমান। শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৪ আসনের ড্যাশ-৮ কিউ-৪০০ উড়োজাহাজ বরিশালের উদ্দেশে ছেড়ে আসবে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বরিশাল জেলা ব্যবস্থাপক সঞ্জয় কুমার কুন্ডু।
তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত বছরের ২১ মার্চ থেকে বরিশালে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেওয়া হয়। এরপর আবারও বরিশাল-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট চালুর সিদ্ধান্ত হলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ ও ২৭ মার্চ ঢাকা থেকে সকাল ৮টা ৫০ মিনিটে ও বরিশাল থেকে সকাল ১০টায় ফ্লাইট পরিচালনা করবে।
তিনি বলেন, ২৮ মার্চ থেকে গ্রীষ্মকালীন সময়সূচি কার্যকর হওয়ায় সপ্তাহে বৃহস্পতিবার বাদে ৬ দিন ঢাকা থেকে সকাল সাড়ে ৮টায় ও বরিশাল থেকে সকাল ৯টা ৪০ মিনিটে যাত্রী পরিবহন করা হবে। যাত্রী সাধারণের দাবির পরিপ্রেক্ষিতে শুধু প্রত্যেক বৃহস্পতিবার ঢাকা থেকে বিকাল সাড়ে ৩টায় ও বরিশাল থেকে বিকাল ৪টা ৪০ মিনিটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।