অনলাইন ডেস্ক ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।
সম্প্রতি তার দল বদলের বিষয়টি নিয়ে বেশ জল্পনা হচ্ছিল। তবে অভিজিৎ মুখার্জি বারবারই বিষয়টি নাকচ করে দিয়েছিলেন। অবশেষে জল্পনাই সত্যি হলো।
গতকাল সোমবার (৫ জুলাই) বিকালে তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি।
অনুষ্ঠানে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। তৃণমূলে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিজিৎ বলেন, বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করেছেন তিনি বিজেপিকে রুখতে পারেন। আমার বিশ্বাস, আগামী লোকসভা ভোটেও তিনি তা পারবেন। কংগ্রেসের টিকিটে মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে দুবার সংসদ সদস্য হয়েছিলেন অভিজিৎ। তার আগে হয়েছিলেন বীরভূমের নলহাটির বিধায়ক।
গতকাল সংবাদ সম্মেলনে অভিজিৎ মুখার্জি বলেন, আমি এখন শুধুই সাবেক। কোনো পদ আমার নেই। বাবা আমাকে কখনোই কংগ্রেসে যোগ দিতে বলেননি। আমার নিজস্ব সিদ্ধান্তে রাজনীতিতে এসেছিলাম। বিধানসভা ভোটে কংগ্রেসের ভরাডুবির পরে একাধিকবার অভিজিতের দলবদল নিয়ে জল্পনা হয়েছে। যদিও প্রতি বারই তৃণমূল কংগ্রেসে যোগদানের সম্ভাবনা নাকচ করেছেন তিনি।
সাবেক সংসদ সদস্য অভিজিৎ সম্প্রতি তার নির্বাচনকেন্দ্র জঙ্গিপুরে গিয়েছিলেন। সেখানেও তার সঙ্গে দেখা গিয়েছিল মুর্শিদাবাদ জেলা তৃণমূলের নেতাদের। জুন মাসের শুরুর দিকে অভিজিত্ তার দলবদলের সম্ভাবনা নাকচ করে সংবাদমাধ্যমকে বলেছিলেন, আমি কংগ্রেসেই আছি। তৃণমূল বা অন্য কোনো দলে যোগ দিচ্ছি বলে যে খবর আসছে, তা সত্য নয়।