ডেস্করিপোর্ট সিরাজগঞ্জের হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আজ বুধবার (৭ জুলাই) ভোর থেকে মহাসড়কে পণ্যবাহী যানবাহনের চাপ থাকলেও সকাল থেকে নলকা সেতুতে সংস্কার কাজ শুরু হলে যানজট তীব্র আকার ধারণ করে।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. শাহজাহান আলী বলেন, বুধবার (৭ জুলাই) সকাল থেকেই বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে সিরাজগঞ্জের হাটিকুমরুল-বঙ্গবন্ধু সেতু সংযোগ মহাসড়কের ক্ষতিগ্রস্ত নলকা ব্রিজ সংস্কার কাজ শুরু হয়। ব্রিজের এক লেন বন্ধ রেখে অপর লেন দিয়ে যান চলাচল অব্যাহত রাখা হয়।
এছাড়া টানা বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় যান-চলাচল বিঘ্নিত হবার ফলে নলকা সেতু এলাকায় যানজটের সৃষ্টি হয়। মুহূর্তেই এই যানজট হাটিকুমরুল গোল চত্বর থেকে কড্ডা পর্যন্ত ১০ কিলোমিটারব্যাপী ছড়িয়ে পড়ে।