ডেস্করিপোর্ট সপ্তাহখানেকের মধ্যে দেশে আসবে অ্যাস্ট্রোজেনেকার ২৫ লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে এই টিকা আসছে। আজ বুধবার (৭ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন।
তিনি জানান, কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার এই ২৫ লাখ ডোজ টিকা সপ্তাহ খানেকের মধ্যেই দেশে আসবে।
এর আগে গত শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দেশে সর্বমোট ৪৫ লাখ টিকা পৌঁছেছে। মোট চার ধাপে যুক্তরাষ্ট্র থেকে মডার্নার ২৫ লাখ ও চীন থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা এসেছে। শুক্রবার দিবাগত রাত ১১টা ২২ মিনিটে মডার্নার ১৩ লাখ করোনার টিকা দেশে এসে পৌঁছায়। একই রাতে চীনের সিনোফার্ম থেকে কেনা ১১ লাখ ডোজ করোনা টিকা ঢাকায় এসে পৌঁছায়। এদিন রাত ১২টা ৩৪ মিনিটে সিনোফার্মের টিকা বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দ্বিতীয় ধাপে সিনোফার্মের ৯ লাখ টিকা দেশে পৌঁছায়। এদিন সকাল পৌনে ৯টায় একটি বিশেষ বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় যুক্তরাষ্ট্র থেকে পাওয়া মডার্নার তৈরি প্রায় ১২ লাখ ডোজ টিকা।