রবিবার, ২৭শে জুন, ২০২৬ ইং, রাত ১২:০৭
শিরোনাম :

বিমান হামলার জবাবে’ ইসরাইলে রকেট ছুড়ল লেবানন

অনলাইন ডেস্ক  ইসরাইলে রকেট হামলা চালিয়েছে লেবানন। বর্বর ইহুদিবাদী দেশটিতে শুক্রবার অন্তত ১০টি রকেট ছোড়া হয়। বেশিরভাগ রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আইরন ডোম প্রতিহত করেছে বলে দাবি করেছে দেশটি।

হামলার পরপরই যেসব স্থান থেকে রকেট ছোড়া হয়েছে সেসব স্থানে গোলাবর্ষণ করেছে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট ও হারেৎজ এ তথ্য জানায়।

শুক্রবার সকালে ইসরাইলের উত্তরাঞ্চলে লেবানন ও সিরিয়া সীমান্তবর্তী এলাকার গোলান হাইটস ও নর্দান গ্যালিলির এইন কুনিয়া, স্নির এবং নেভে আতিবে রকেট হামলার পর সাইরেন বেজে ওঠে।

রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্র হামলার বিষয় নিশ্চিত করে জানিয়েছে, দক্ষিণ লেবানন থেকে ইসরাইল অভিমুখে রকেট ছোড়া হয়েছে।

ধারণা করা হচ্ছে— ইসরাইলের বিমান হামলার জবাব দিতেই এ রকেট হামলা চালানো হয়।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ এ হামলার দায় স্বীকার করেছে।

এর আগে চলতি সপ্তাহেই দক্ষিণ লেবানন থেকে ইসরাইলে রকেট ছোড়া হয়েছিল।

বুধবার ইসরাইলের সামরিক বাহিনী জানায়, লেবানন থেকে ইসরাইলি ভূখণ্ড লক্ষ্য করে তিনটি রকেট ছোড়া হয়। এর মধ্যে একটি ইসরাইলি সীমান্তের কাছে লেবাননের ভেতরে আছড়ে পড়ে এবং অন্য দুটি সীমান্তের ভেতরে আঘাত হেনেছে। জবাবে ইসরাইল লেবানন ভূখণ্ডে কামানের গোলা নিক্ষেপ করেছে।

এর পর বৃহস্পতিবার লেবাননের বিভিন্ন লক্ষ্যস্থলে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

হিজবুল্লাহর আল মানার টেলিভিশন জানিয়েছে,ইসরাইলের সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে লেবাননের মাহমুদিয়া শহরের প্রান্তীয় দুটি জায়গায় ইসরাইলি যুদ্ধবিমানগুলো হামলা চালিয়েছে।