ডেস্করিপোর্ট সড়ক দুর্ঘটনায় বিচার, সারাদেশে বাস ভাড়া অর্ধেক করা এবং নিরাপদ সড়কসহ নানা দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় প্রতীকী মরদেহের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা।
প্রতীকী কফিন নিয়ে আজ রবিবার বেলা ১২টা ৫০ মিনিটে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা । সেখানে তাদের অবস্থান না নিতে পুলিশ অনুরোধ করলে কফিন নিয়ে তারা মিছিল শুরু করেন। পরে শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির এলাকায় রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন।
শিক্ষার্থীরা ‘ভাই কবরে, খুনি কেন বাহিরে’/ ‘৯ দফার সংগ্রাম চলবে চলবে’/ ‘আইন করে হাফ পাস দিতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শাহবাগ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবেই শিক্ষার্থীরা মিছিল করছেন। আমরা সতর্ক অবস্থানে আছি, যেন কোনোরকম বিশৃঙ্খলা না হয়। যেন যান চলাচল ব্যাহত না হয়। তারা কয়েকটি শাহবাগ হয়ে টিএসসি গিয়ে তাদের কর্মসুচি শেষ করেন।
সড়কে অনিয়মের প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে শনিবার রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় ‘লাল কার্ড’ দেখিয়েছে আন্দোলনকারীরা। সেখান থেকে আজকের এই প্রতীকী লাশের কর্মসূচি ঘোষণা করা হয়।