ডেস্করিপোর্ট কক্সবাজার টেকনাফ উপজেলায় থেকে অপহরণের ১১ দিন পর দুই কিশোরকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের গহিন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার মো. আনাস (১৪) উখিয়া থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের করিম উল্লাহর ছেলে ও আব্দুল্লাহ (১৩) মো. হোসেনের ছেলে।
দুপুরে গণমাধ্যম পাঠানো এক সংবাদে এ তথ্য নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক তারিকুল ইসলাম।
তিনি জানান, গত ১৯ ডিসেম্বর ক্যাম্প ১৯-এর মো. আনাস ও আব্দুল্লাহকে থাইংখালী থেকে অপহরণ করা হয়। পরে তাদের উদ্ধারে বিভিন্ন সময় অভিযান অব্যাহত রাখেন ১৬ এপিবিএন পুলিশ।
বৃহস্পতিবার সকালে দীর্ঘ ১১ দিন পর ক্যাম্প ২৬ টেকনাফ শালবাগান ব্লক ই-১ সংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, উদ্ধার ভিকটিমরা বর্তমানে ক্যাম্প হেফাজতে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতপূর্বক গ্রেফতার অভিযান অব্যাহত আছে l