অনলাইন ডেস্ক রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মস্কোর প্রস্তাব মেনে নিতে কিয়েভকে আল্টিমেটাম দিয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) এই আল্টিমেটামে রুশ পররাষ্ট্রমন্ত্রী রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের ঘোষণা দেন। এটি না করা হলে রুশ সেনাবাহিনী বিষয়টি খতিয়ে দেখবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, মস্কো কিয়েভের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলার একদিন পর ল্যাভরভ এই ঘোষণা দেন। ইউক্রেন ও তার পশ্চিমা মিত্ররা পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। রুশ বাহিনী এখনো ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে।
এরই মধ্যে মস্কো দাবি করছে, কিয়েভ তাদের দেশের এক-পঞ্চমাংশ রাশিয়ার বিজয়কে স্বীকৃতি দেবে।
তবে কিয়েভ জানিয়েছে, রুশ সেনা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে।
ল্যাভরভের উদ্ধৃতির বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত এলাকাগুলোকে অবশ্যই নিরস্ত্রীকরণ করতে হবে। সেখানে রাশিয়ান সেনাদের জন্য হুমকিস্বরূপ সবকিছু ধ্বংস করতে হবে। যদি না হয়, রাশিয়ান সেনাবাহিনী তার ভাগ্য নির্ধারণ করবে।
চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। পুতিন সে সময় বলেছিলেন, ইউক্রেনকে নিরস্ত্র করার জন্য এই বিশেষ অভিযান চালানো হচ্ছে। তবে কিয়েভ ও পশ্চিমারা বলেছিল, পুতিনের আক্রমণ ছিল সাম্রাজ্যবাদী ভূমি দখলের একটি ভূমিকা মাত্র।