ডেস্ক রিপোর্ট ।। লিটারে ১০ টাকা কমিয়ে আগামীকাল শুক্রবার (১ মার্চ) থেকে সয়াবিন তেলের নতুন দাম কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৬৩ টাকায়, যা বর্তমানে ১৭৩ টাকা করে বিক্রি হচ্ছে। প্রতি লিটার লুজ সয়াবিন তেল বিক্রি হবে ১৪৯ টাকা। এছাড়া বোতলজাত ৫ লিটার সয়াবিন তেলের দাম পড়বে ৮০০ টাকা।
গত ২০ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন।
ওইদিন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন আমাদের যারা শিল্প এবং ব্যবসায়ী বড় আকারের আছেন, তাদেরও সোশ্যাল একটা রেসপনসিবিলিটি আছে। সবকিছু বিবেচনায় নিয়ে আমি বলবো না যৌক্তিকভাবে, কিছুটা অযৌক্তিকভাবেও আমরা ওনাদেরকে অনুরোধ করেছি এবং ওনারা ভোজ্যতেলের দাম ১০ টাকা প্রতি লিটারে কমানোর জন্য একমত হয়েছেন।