ডেস্ক রিপোর্ট ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও কয়েকজন নতুন সদস্য। দ্বিতীয় দফায় শপথ নেওয়ার জন্য আরও সাত জনকে জানানো হয়েছে। সংশ্লিষ্টরা শপথ নেওয়ার আমন্ত্রণের ব্যাপারে সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।
নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার আমন্ত্রণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন: ওয়াসিকা আয়শা খান (সংরক্ষিত মহিলা আসন), নজরুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম-১৪), ডা. রোকেয়া সুলতানা (সংরক্ষিত মহিলা আসন), শামসুন্নাহার চাঁপা (সংরক্ষিত মহিলা আসন), মো. শহীদুজ্জামান সরকার (নওগাঁ-২), মো. আব্দুল ওয়াদুদ (রাজশাহী-৫) এবং বেগম নাহিদ ইজাহার খান।
এর আগে, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে আওয়ামী লীগ। ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ৩৬ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন।