ডেস্ক রিপোর্ট ।। বরিশালে বাল্য বিবাহ নিরোধে বরিশাল জেলা ও সিটি কর্পোরেশনের নিকাহ্ রেজিস্ট্রারদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ মার্চ) সকাল ১০ টায় বরিশাল জেলা রেজিস্ট্রার এর কার্যালয়ে এ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাল্য বিবাহ নিরোধ ও বিবাহ বিবাহ নিবন্ধন সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন বরিশাল জেলা রেজিস্ট্রার মোঃ মোহছেন মিয়া।
এ সময় তিনি বলেন,বাল্যবিবাহ অর্থ হচ্ছে এমন বিবাহ যার কোন এক পক্ষ বা উভয় পক্ষ অপ্রাপ্ত বয়স্ক। অর্থাৎ ২১ বৎসর পূর্ণ করেননি এমন কোনো পুরুষ এবং (কিংবা) ১৮ বৎসর পূর্ণ করেননি এমন কোনো নারী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তখন তা বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়।প্রাপ্ত বয়স্ক কোন নারী বা পুরুষ বাল্যবিবাহ করলে তিনি অনধিক ২ বৎসর কারাদণ্ড বা অনধিক ১ লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন। আরও বলা আছে যে, যদি অপ্রাপ্ত বয়স্ক কোন নারী বা পুরুষ বাল্যবিবাহ করেন তবে তিনি অনধিক ১ মাসের আটকাদেশ বা অনধিক ৫০,০০০ হাজার টাকা জরিমানা বা উভয় ধরনের দণ্ডে দণ্ডনীয় হবেন।

বরিশাল জেলা রেজিস্ট্রার মোঃ মোহছেন মিয়া বলেন,
বাল্যবিবাহ সংশ্লিষ্ট পিতা-মাতাসহ অন্যান্য ব্যক্তিকেও এই আইনের আওতায় আনা যাবে।বাল্যবিবাহ সম্পাদনকারী বা পরিচালনাকারীও অপরাধী হিসেবে গণ্য হবে। কোন ব্যক্তি বাল্যবিবাহ সম্পাদন বা পরিচালনা করিলে উহা হইবে একটি অপরাধ এবং তজ্জন্য তিনি অনধিক ২ (দুই) বৎসর ও অন্যূন ৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ৫০ (পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হইবেন এবং অর্থদণ্ড অনাদায়ে অনধিক ৩ (তিন) মাস কারাদণ্ডে দণ্ডনীয় হইবেন।
প্রশিক্ষন কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, বরিশাল সদর সাব রেজিস্ট্রার অসীম কল্লোল, চাখার সাব রেজিস্ট্রার মোঃ মকছু মিয়া,বরিশাল জেলা রেজিষ্ট্রি অফিসের প্রধান সহকারী মোঃ গিয়াস উদ্দিন, বরিশাল জেলা নিকাহ্ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আঃ রব,সাধারণ সম্পাদক কাজী মাওলানা ওলিউর রহমান,বানারীপাড়া উপজেলা সভাপতি কাজী মাওলানা আঃ হালিম জমিদার,বিসিসি ২২ নং ওয়ার্ডের কাজী নকীব মুঃ আনিসুর রহমান, বিসিসি ১৪ নং ওয়ার্ডের কাজী মাওলানা ত্বহা বিন কাওছারী সহ বরিশাল জেলা ও মহানগরের নিকাহ্ রেজিস্ট্রার গন।