ডেস্ক রিপোর্ট ।। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। নারীর অধিকার ও নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে প্রশংসিত হয়েছেন। বাংলাদেশের নারীদের প্রতিষ্ঠিত করে বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড় করাতেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
শুক্রবার (৮ মার্চ) বিকালে শরীয়তপুরের সখিপুরে হাজী শরীয়তউল্যাহ কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এনামুল হক শামীম বলেন, বর্তমানে সমাজের অনেক ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীরা অনেক এগিয়ে। স্বাধীনতার আগ থেকেই দেশ ও জাতির উন্নয়নকল্পে পুরুষের সঙ্গে নারীরাও একযোগে কাজ করে আসছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে শামীম বলেন, তোমরা ভালোভাবে লেখাপড়া করে নিজেদের বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করবে। আগামী প্রজন্মকে স্মার্ট প্রজন্ম হিসেবে গড়ে তুলবে। তোমরা সৌভাগ্যবান, কারণ তারা শেখ হাসিনার মতো একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী পেয়েছো। তিনি দেশে নতুন নতুন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। তিনি দেশের শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এ সময় আরও ছিলেন ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইয়ুম পাইক, কলেজ গভর্নিং বডির সভাপতি মোয়াজ্জেম হোসেন সরদার, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, সহ-সভাপতি কহিনুর সুলতানা দোলা, সখিপুর ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান মানিক সরদার, কলেজের অধ্যক্ষ অশোক চন্দ্র টিকাদার প্রমুখ।