ডেস্ক রিপোর্ট ।। বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি)ভিসি ও প্রক্টরসহ প্রক্টোরিয়াল কমিটির ৭ সদস্য পদত্যাগ করেছন।
মঙ্গলবার (২০ আগস্ট) বেলা পৌনে ১টায় এ তথ্য জানিয়েছেন রেজিস্ট্রার মো মনিরুল ইসলাম।
ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় তারা পদত্যাগ করেছেন বলে পত্রে উল্লেখ করেছেন।
এর আগে সোমবার (১৯ আগস্ট) উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। সমাবেশে ২৪ ঘণ্টার মধ্যে তাদের পদত্যাগ করার আলটিমেটাম দেন তারা।
শিক্ষার্থীরা জানান, বর্তমান উপাচার্য (ভিসি) এবং প্রক্টর আন্দোলন চলাকালীন নানাভাবে শিক্ষার্থীদের হয়রানি করেছেন। এমনকি তাদের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের নানা অভিযোগ থাকলেও সব সময় বিগত আওয়ামী লীগ সরকারের তাবেদারি করার কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হননি তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন কখনো চলত বরিশাল সিটি করপোরেশনের সাবেক দুই মেয়রের কথায়, আবার কখনো চলত সদর সংসদ সদস্যের কথায়। বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রক্টরসহ অনেক শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের চেয়ে আওয়ামী লীগের নেতাদের বাসায় বেশি দেখা যেত। একইদিন নিজেকে সব ধরনের রাজনৈতিক ও দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
এদিকে গত ৪ মার্চ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার থেকে ভিসি হিসেবে নিয়োগ পান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভুইয়া।
রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম জানান, ভিসি ও প্রক্টর আব্দুল কাইউমসহ প্রক্টোরিয়াল বডির ৭ সদস্য পদত্যাগ করেছেন।