ডেস্ক রিপোর্ট ।। মূশুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শহিদুল ইসলাম ইন্তেকাল করেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাজা রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার কলেজগেট বায়তুল আমান জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। জানাজায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মরহুমের জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, একজন আলেম ও শিক্ষাবিদ হিসেবে মাওলানা শহিদুল ইসলাম দীর্ঘদিন দ্বীনি শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছেন। তাঁর ইন্তেকালে পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
তিনি মরহুমের জন্য মহান আল্লাহর দরবারে ক্ষমা ও মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাঁর দ্বীনি ও শিক্ষামূলক খেদমতগুলো কবুল করেন, কবরকে নূরে ভরপুর করে দেন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। একই সঙ্গে তিনি শোকাহত পরিবারকে এ শোক ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করেন।
জানাজায় মূশুরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মতিউর রহমান, খানপুরা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদুল আলম, মাওলানা আব্দুল হালিমসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, আলেম-ওলামা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।