মেহেরাব হোসেন রিফাত, বরিশাল ।। সামাজিক কুসংস্কার ও প্রচলিত ভুল ধারণা দূর করা, নারীর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল নিরাপত্তা বিষয়ে দক্ষতা অর্জনের লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে তরুণ-তরুণীদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এ প্রশিক্ষণের আয়োজন করে তারুণ্যের নলছিটি যুব সংগঠন। সমতায় তারুণ্য প্রকল্পের ইয়ুথ ফর ইক্যুয়ালিটি কার্যক্রমের আওতায় আয়োজিত প্রশিক্ষণে স্থানীয় নির্বাচিত তরুণ তরুণীরা অংশ নেন।
প্রশিক্ষণে জেন্ডার স্টেরিওটাইপ বা লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণা, নারীর অধিকার, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যমে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশিক্ষকরা আলোচনা করেন। পাশাপাশি এসব বিষয়ে অংশগ্রহণকারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন মেহেরাব হোসেন রিফাত ও নুসরাত জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্যের নলছিটি যুব সংগঠনের সভাপতি খালেদ সাইফুল্লাহ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মুনমুন আক্তার বলেন, এ প্রশিক্ষণে অংশ নিয়ে জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। অর্জিত জ্ঞান ভবিষ্যতে আমাদের ব্যক্তিগত জীবন ও সামাজিক কর্মকাণ্ডে কাজে আসবে।
আয়োজকরা জানান, তরুণ তরুণীদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি, সামাজিক বৈষম্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তরুণেরা নিজেদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা প্রকাশ করেন।
সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি প্রকল্পটি জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত হচ্ছে।