কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় যাত্রীবাহি লেগুনার চাপায় সুমন(২৫) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার উপজেলার দক্ষিণ আইচা থানার বাবুরহাট সড়কের শাড়েকখালী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুমন বরিশালের বরগুনা জেলার আনোয়ারুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান,সুমন শাড়েকখালী এলাকায় নির্মান শ্রমিকের কাজ করতো।সোমবার দূর্ঘটনার সময় সে কাজের ফাঁকে নাস্তা খাওয়ার জন্য সড়কের অপর পাশের দোকানে যাচ্ছিলেন। এসময়ে একটি দ্রুতগামী যাত্রীবাহী লেগুনা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন,স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ জানান, নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে হস্থান্তর করা হয়েছে।