ডেক্সরিপোর্ট: রাজধানীর গুলশান-১–এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাশের শপিং সেন্টারের ৩য় তলায়ও আগুন ছড়িয়ে পড়েছিল। সেটি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ধোঁয়ার কাছেও যাওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন নিয়ন্ত্রণে প্রথমে তাদের ১১টি ইউনিট কাজ শুরু করে। এরপর একে একে আরও ইউনিট এসে যোগ দেয়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের শিখা কমে এসেছে, তবে এখনো ধোঁয়া বের হচ্ছে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে এসে বলেন, এর আগেও এখানে আগুন লেগেছিল। কেন বারবার এই অগ্নিকাণ্ড হচ্ছে সেটা খতিয়ে দেখা হবে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখানে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই।আগের ২০১৭ সালের ৩ জানুয়ারির আগুন লাগার ঘটনার পর এ ব্যাপারে ব্যবস্থা নিতে তিন থেকে চারবার মার্কেট কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হয়। কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন জানিয়েছেন কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে আগুন লাগে । আগুন নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট কাজ করছে। মূল মার্কেটে ফায়ার ফাইটাররা পৌঁছে গেছেন। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়।
মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।