শফিকুল ইসলাম, বাবুগঞ্জ প্রতিনিধি: দেশে করোনা ভাইরাসের আক্রান্তের পর থেকে স্থবির হয়ে পড়েছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের জীবনযাত্রা। অসহায় হয়ে পড়েছে দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। তাদের সবার দুশ্চিন্তা, মনে অশান্তি । গচ্ছিত সঞ্চয় শেষ হতেই পরিবারে শুরু হয়েছে আর্থিক অনটন।
ইতিমধ্যে দরিদ্র শ্রেণির মানুষগুলো তিন বেলার পরিবতর্তে দুই বা একবেলা আহার করতে শুরু করেছেন বলে খবর পাওয়া গেছে। নিম্ন মধ্যবিত্তরা অন্যের কাছে হাত পাততে না পেরে পড়েছেন উভয় সংকটে। আপদকালীন সংকট সামাল দিতে সরকার ও শাসক দলের ত্রাণ বিতরণের নির্দেশনা থাকলেও মাঠে নেই অধিকাংশ জনপ্রতিনিধি।
এরই মধ্যে অভিযোগ উঠেছে, যতটুকু দান-ত্রাণ বিতরণ করা হচ্ছে তার সবই দলীয় ও মুখ দেখে নিজেদের মধ্যে।
করোনার ভয়ে উপজেলার সব কিছু বন্ধ হয়ে গেছে। জনমানব শূন্য হয়ে পড়েছে । রিকশা, ইজিবাইক চলাচলও একেবারে সীমিত। বন্ধ হয়ে গেছে চা সহ অন্যান্য দোকানপাট। জনগণের নির্বাচিত প্রতিনিধি হাতে গোনা কয়েকজন ছাড়া তারা কেউ মাঠে নেই। দেশব্যাপী ভাইরাস আতঙ্কের পর থেকে অনেকের হদিসও পাওয়া যাচ্ছে না। তারা ফোন করলেও ধরছেন না । এসব নিয়ে সাধরণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন ।
স্থানীয় সাংসদ গোলাম কিবরিয়া টিপু’র নিজ তহবিল থেকে বাবুগঞ্জ ও মুলাদি দুই উপজেলায় দলীয় কর্মহীন পরিবারের মাঝে কিছু খাদ্য সহায়তা এ সামগ্রী বিতরণ করেছেন।
এমন পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসন প্রথম দফায় জনপ্রতি ১৩ কেজি করে সরকারি খাদ্যসামগ্রীর ৩০০ প্যাকেট । দ্বিতীয় দফায় প্রস্তুতকৃত মোট ৫০০ প্যাকেট উপজেলার ৬ ইউনিয়নে ভাগ করে হতদরিদ্র মানুষের মাজে সেগুলো বিতরণ করা হয়েছে যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম খালেদ হোসেন স্বপন,বাবুগঞ্জ থানা পুলিশ, সমাজসেবক আতিকুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বিনতে ওহাব, ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখা, বাবুগঞ্জ ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক শাহিন হোসেন খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ ছাড়াও ব্যক্তিগত অর্থায়নে ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় বিভিন্ন এলাকায় ত্রাণ ও খাদ্য সহায়তা দিচ্ছে ছাত্রলীগ, স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবী সংগঠনের অনেকেই।
তবে করোনাভাইরাস পরিস্থিতিতে বিএনপি নেতাদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেও বাবুগঞ্জে আজ অবধি কোন নেতার দেখা মেলেনি ।
-শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব, বরিশাল।