ডেক্সরিপোর্ট বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের এক সহকারী শিক্ষক ৮০ বোতল ফেনসিডিলসহ বেনাপোলে বিজিবির হাতে আটক হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) বেনাপোলে বিজিবির হাতে আটক হওয়া শিক্ষকের নাম নজরুল ইসলাম সুমন।
জানা যায়, এক বোতল ফেনসিডিল ৫০০ থেকে হাজার টাকায় বিক্রি হচ্ছে। তাই ফেনসিডিল নিতে লকডাউন উপেক্ষা করে সুদূর বরিশাল থেকে বেনাপোলে মটর সাইকেল সহযোগে ছুটে এসেছেন এই স্কুল শিক্ষক। তবে ধাওয়া খেয়ে ৫ জন পালিয়ে গেলেও বিজিবি’র চোখ ফাঁকি দিতে পারেনি বরিশাল শহরের স্বনামধন্য সরকারী মডেল স্কুলের সহকারী শিক্ষক নজরুল ইসলাম সুমন।
যশোর বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, সোমবার সকালে সীমান্তবর্তী পুটখালি সড়ক দিয়ে বেনাপোল বাজারের দিকে আসছিলেন এক মোটরসাইকেল আরোহী। পথে শিকড়ি বটতলায় বিজিবির টহল দল তাকে থামায়। তার ঘাড়ে ঝোলানো স্কুলব্যাগে তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তির নাম নজরুল ইসলাম সুমন। বাবার নাম মকবুল আহমেদ। তিনি বরিশাল গভঃ মডেল স্কুল এবং কলেজের সহকারি শিক্ষক। আটক নজরুল ইসলামকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে জানান লে. কর্নেল সেলিম রেজা।