ডেক্সরিপোর্ট নারী ও শিশু নির্যাতন মামলায় প্রায় ২৩ বছর সাজা খাটা অবস্থায় অসুস্থ হয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে।
রোববার (৩ মে) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। মৃত রমজান আলী (৬০) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি এলাকার মৃত সিরাজ ভূইয়ার ছেলে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার উম্মে সালমা জানান, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতলে রোববার সকাল ৮টার দিকে রমজান আলী (৬০) নামের ওই কয়েদি মারা যান।
উম্মে সালমা বলেন, রমজান আলীর উচ্চ রক্তচাপ ও অ্যাজমা জনিত শ্বাসকষ্ট ছিল। ভোর ৬টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতালে ভর্তি করা হয়। “পরে উন্নত চিকিৎসার জন্য তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসাপাতলে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।”
মৃত রমজান আলী সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার (নং ০৪(০৭)১৯৯৭) যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১-এ তার কয়েদি নং-১৫২৯/এ।