মেহেরাব হোসেন রিফাত,বরিশাল ।। সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে অধ্যয়নরত বরগুনা জেলার শিক্ষার্থীদের সংগঠন বরগুনা জেলা ছাত্র কল্যাণ পরিষদ এর আয়োজনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বিএম কলেজের মুক্তমঞ্চে এই অনুষ্ঠান আয়োজিত হয়। সকাল ১১টায় কুইজ প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে মূল আলোচনা পর্বের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সাজিদ আরমান সজীব।
বিএম কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর কাজী জাবের আহমেদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাইমুর রহমান নাইম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম কলেজের সমাজকর্ম বিভাগের অধ্যাপক প্রফেসর মো. সুলতান মাহমুদ রিয়াজ এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ বরিশালের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন। এছাড়া অনুষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন এবং সাবেক শিক্ষার্থীদের মধ্য থেকেও প্রতিনিধিরা অনুভূতি ও বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথির বক্তব্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. মোশাররফ হোসেন বিএম কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে তাঁর স্মৃতিরোমন্থন করেন। তিনি বলেন, আমি এই বিএম কলেজ থেকে ২০০০ সালে বিদায় নিয়েছি প্রায় চব্বিশ বছর আগে। আজ ডিপার্টমেন্টে গিয়ে মনে হলো যেন সেদিনই সেখানে বসে প্র্যাকটিক্যাল ক্লাস করছিলাম। শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সুবিধার বিষয়ে তিনি ঘোষণা দেন যে, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে শুধু শিক্ষার্থী ও স্টাফরাই নন, বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাথে যুক্ত শিক্ষার্থী এবং তাদের বাবা-মা, ভাই-বোন অর্থাৎ পুরো পরিবারই বিশেষ ডিসকাউন্টের সুবিধা পাবে। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের জন্য চিকিৎসকের ভিজিট সম্পূর্ণ মওকুফ রাখার ঘোষণা দিয়ে তিনি জানান, পপুলারের প্রায় দেড় শতাধিক কর্মীই বিএম কলেজের বর্তমান বা সাবেক শিক্ষার্থী।
সভাপতির বক্তব্যে ড. মো. মাসুদুর রহমান বরগুনা জেলা ছাত্রকল্যাণ সমিতির সাথে তাঁর দীর্ঘ ২১ বছরের সম্পৃক্ততার কথা তুলে ধরে বলেন, আগামী এক মাসের মধ্যে শিক্ষকদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ এবং শিক্ষার্থীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি ও স্থায়ী ফান্ড গঠন করা হবে, যাতে শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানো যায়।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী নবীন শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। পাশাপাশি অনুষ্ঠানে অংশ নেওয়া সকল নবীন শিক্ষার্থীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠানটিতে সার্বিক সহযোগিতায় ছিল পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিঃ বরিশাল এবং প্রতিভাস, বৈদ্যপাড়া, বরিশাল।