ডেক্সরিপোর্ট হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নমুনা পরীক্ষায় করেনা পজিটিভ এসেছে। তিনিসহ জেলা প্রশাসনের মোট পাঁচ কর্মকর্তা-কর্মচারী করোনা আক্রান্ত হলেন।
সোমবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান জানান, রোববার প্রাপ্ত রিপোর্টে জেলা প্রশাসক মহোদয়ের করোনা শনাক্ত হয়। পরীক্ষার জন্য পুনরায় তার নমুনা পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৩ এপ্রিল তার করোনা পরীক্ষার জন্য নমুনা ঢাকা আইইডিসিআরে পাঠানো হয়। সেখান থেকে রবিবার সন্ধ্যায় তার পরীক্ষার ফলাফলে তিনি করোনা আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়।
এর আগে প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনা আক্রান্ত হন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের নাজির। তারা সবাই মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হবিগঞ্জ জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৫ জনে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী ২৩ জন। সরকারি কর্মকর্তা-কর্মচারী ৮ জন। বাকিরা নানা শ্রেণি-পেশার মানুষ।