ডেক্সরিপোর্ট গুরুতর অসুস্থ জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে প্রধানমন্ত্রীর নির্দেশে সিএমএইচে ভর্তি করা হয়েছে। শনিবার (৯ মে) বিকেলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এ বিষয়টি জানিয়েছেন।
এর আগে গুরুতর অসুস্থতা নিয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন আনিসুজ্জামান। ৮৩ বছর বয়সী এই অধ্যাপকের হৃদরোগের সমস্যা ছাড়াও কিডনি ও ফুসফুসে জটিলতা, পারকিনসন্স ও প্রস্টেটের সমস্যা রয়েছে।
অধ্যাপক আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান সাংবাদিকদের জানান, বাবা দীর্ঘদিন ধরেই অসুস্থ। এখন আরও একটু উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে তাকে সিএমএইচে নিয়ে আসা হয়েছে। এখানে আসার পর বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় একটু ভালো আছে। তার অবস্থা এখন স্থিতিশীল।
খ্যাতিমান অধ্যাপক আনিসুজ্জামানের জন্ম ১৯৩৭ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বসিরহাটে। ভারত ভাগের পর তারা এপারে চলে আসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন আনিসুজ্জামান। এই ভূখণ্ডে ধর্মান্ধতা ও মৌলবাদবিরোধী নানা আন্দোলনে সক্রিয় ভূমিকা রয়েছে তার।