বরগুনা প্রতিনিধি বরগুনা জেলার বামনা উপজেলায় ডৌয়াতলা ইউনিয়নের খুচনীচোড়া গ্রামে বাকিতে সিগারেট বিক্রি করার টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ী ও তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ওই এলাকার মুসা-আরিফ গ্যাং এর সদস্যরা। গুরুতর আহত ওই ব্যবসায়ী হলেন খুচনীচোড়া গ্রামের মো. হাকিম হাজীর ছেলে মো. কামাল হাজী (৪৫) ও তার স্ত্রী রেখা বেগম (৩৮)।
সোমবার (৮ জুন) বিকাল ৫টায় বামনা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ওই ব্যবসায়ী দম্পতিকে উদ্ধার করে জনগণের সহায়তায় বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতে পাঠায়।
এ ঘটনায় এখন পর্যন্ত আহতদের পরিবারের পক্ষে বামনা থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদুজ্জামান।
হামলার সঙ্গে জড়িত মুসা-আরিফ গ্যাং-এর সদস্যরা হলেন, মো. মুসা খান (২৫), মো. আরিফ হাওলাদার (২৭), মো. রফিক (২৯), মো. জুয়েল (৩৫), রাজু (২৮), সোহেল (২০), সফিকুল (১৯) ও কামাল (৩০)সহ ১০-১২ জন। গুরুতর আহত ওই ব্যবসায়ী দম্পত্তির ছেলে মো. হাসান জানান, প্রায় এক মাস আগে তার বাবার দোকান থেকে বাকিতে সিগারেট ক্রয় করে ওই এলাকার কুখ্যাত গ্যাং আরিফ-মুসা বাহিনীর সদস্য মো. মুসা (২২)। বাকি বিক্রির টাকা চাওয়ার অপরাধে হাসানকে মারধর ও ভয়ভীতি দেখিয়ে গত শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে পা ধরে মাফ চাওয়ায় এ গ্যাং-এর সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকালে তার চাচাতো ভাই মো. লাল চান হাজীকে মারধর করে তারা।
এ বিষয়ে জানতে হাসানের বাবা ওই দোকান মালিক কামাল হাজী ও মা রেখা বেগম ওই গ্যাং-এর সদস্যদের কাছে গেলে তারা তাদের ওপর চড়াও হয়। এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ওই ব্যবসায়ী দম্পত্তিকে। হামলায় কামাল হাজীর মাথায় গুরুতর আঘাত পায় ও তার স্ত্রীর নাক থেতলে যায়।
এ ব্যাপারে বামনা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদুজ্জামান বলেন, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তারা ওই আহত দম্পত্তিকে উদ্ধার করে বামনা হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় পরিবারের পক্ষে এখন পর্যন্ত কোনো অভিযোগ থানায় দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।